ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ঢাক-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এতে আরো তিন জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাক-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসের সাথে কুমিল্লার চৌদ্দগ্রামগামী সিএনজি চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকার মোহাম্মদ হানিফের স্ত্রী সায়েরা আক্তার (৪৮), এ উপজেলার দামড়া এলাকার তাহের উদ্দিনের ছেলে সুজন (৩৫) ও ফেনী সদর উপজেলার জোয়ার কাচাড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৫)। নিহতরা সবাই কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মহাসড়কের ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) এসএম জাহাঙ্গির আলম জানান, সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার যাত্রী সায়েরা নিহত এবং ৫ জন আহত হন।
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক সুজন ও জসিমকে মৃত ঘোষণা করেন।
ফেনী সদর উপজেলার লক্ষীপুর এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী নুর জাহান বেগম (৮০), এ উপজেলার মোহাম্মদ আলী এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী সোমা (৩০) ও তার ছেলে মোহাম্মদ অপু ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা জানান, আহতদের মধ্যে নুর জাহান বেগম ও মোহাম্মদ অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অপুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে সৌদিয়ার বাসটি ও ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সৌদিয়ার বাস চালক পলাতক রয়েছেন।
দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ নিহত ৬
