আশুলিয়ার বাসচাপায় শ্রমিকের মৃত্যু
সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চক্রবর্তী ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন।
নিহত নান্নু (২৮) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের বেক্সিমকোর সিএফসিএল কারখানার ফিনিশিং ইনচার্জ ছিলেন।
এসআই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পার হওয়ার সময় গাজীপুর থেকে ছেড়ে আসা সাভারগামী পলাশ পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই নান্নু মারা যায়।
পরে সহকর্মীরা ওই খবর শুনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দুই পাশের শত শত যানবাহন আটকা পড়ে।
সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়কে যনচলাচল বন্ধ ছিল। পুলিশের অনুরোধে ৯টার পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
