চাঁদপুরে নারীকে কুপিয়ে হত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চর দুখিয়া গ্রামের হাজী বাড়িতে মঙ্গলবার বিকালে এ হামলায় নিহত হন মরিয়ম বেগম (৬০)। এ সময় মরিয়মের ছেলে হারেস (৪৫) আহত হয়েছেন। তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনার সংবাদ পেয়েই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি।
হারেসের দ্বিতীয় স্ত্রী ইয়াসমিন জানান, ঘটনার সময় তার সতিন রোকেয়া বেগমের দুই ভাই রায়পুরের বোরচর গ্রামের কামাল ও জামাল তাদের বোন রোকেয়ার পক্ষে জায়গা বিক্রির টাকার ভাগ চাইতে আসেন।
এতে তাদের সঙ্গে হারেসের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হারেসকে আঘাত করতে থাকেন। ছেলেকে বাঁচাতে মরিয়ম বেগম এগিয়ে এলে তারা তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
