চার বিঘা পিঁয়াজ ক্ষেত ধ্বংস
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক চাষির চার বিঘা জমির পিঁয়াজ ক্ষেত রাসায়নিক ছিঁটিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শেখেরপাড়া বাখরবা গ্রামে রোববার রাতে এ ঘটনায় সেকেন্দার আলী শেখ নামের ওই চাষির প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করছেন।
সেকেন্দার আলী জানান, ফসল ধ্বংসকারী রাসায়নিক দ্রব্য তার পিঁয়াজ ক্ষেতে স্প্রে করে দুর্বৃত্তরা।
সোমবার মাঠে গিয়ে দেখেন ক্ষেতের পিঁয়াজ গাছগুলো শুকিয়ে গেছে।
তিনি আরো জানান, এর আগে দুর্বৃত্তরা একইভাবে তার ১৪ কাঠা জমির পিঁয়াজের বীজতলা ধবংস করেছিল। পরে পিঁয়াজের চারা কিনে জমিতে পিঁয়াজ চাষ করেন।
এই চার বিঘা জমিতে পিঁয়াজ চাষে এক লাখ টাকা খরচ হয়েছে এবং এতে প্রায় ৩শ’ মন পিঁয়াজ উৎপাদন হতো বলে তিনি দাবি করেন।
শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, মামলা দিলে তিনি দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
