২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিজড়াদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

চট্টগ্রাম নগরীতে একটি পোশাক কারখানায় চাঁদা তুলতে আসা হিজড়াদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 04:51 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

ডবলমুরিং থানার দেওয়ানহাটের ইভু গার্মেন্টে সোমবার বেলা ১২টার দিকে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছেন।

আহতদের মধ্যে তিনজন হিজড়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই সংঘর্ষের কারণে দেওয়ানহাট মোড় এলাকায় সড়কে প্রায় ১৫ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে।

‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে সম্প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া হিজড়াদের দল বেঁধে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা তুলে আসছে বহু আগে থেকেই।

সেভাবেই ইভু গার্মেন্টে কয়েকজন হিজড়া চাঁদা তুলতে গেলে ওই কারখানার শ্রমিকদের সঙ্গে তাদের তর্কাতর্কি থেকে মারামারি বাঁধে বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তানভীর আরাফাত জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে পোশাক কারখানার নারী শ্রমিকদের লক্ষ্য করে হিজড়ারা ময়লা ছুড়ে মারলে শুরু হয় মারামারি।”

পরে পুলিশের হস্তক্ষেপে বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

ওই সময় সড়কে গাড়ি চলাচল বন্ধের বিষয়ে তিনি বলেন, “প্রায় কাছাকাছি সময়ে জিম্বাবুয়ে ক্রিকেট দল ওই সড়ক অতিক্রম করায় রাস্তা বন্ধ রাখা হয়েছিল।”