২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহপাঠীর হাতে বাগেরহাটে কলেজছাত্র খুন

পূর্ব শত্রুতার জেরে বাগেরহাটে সহপাঠীর হাতে খুন হয়েছে এক কলেজ ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 04:14 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

নিখোঁজের তিন দিন পর রোববার গভীর রাতে সদর উপজেলার ছোট সুগন্ধী গ্রামের বাগান থেকে নিহত আল আমিন শেখ বাপ্পীর (১৮) লাশ উদ্ধার করে পুলিশ।

বাপ্পীকে অপহরণ ও হত্যায় জড়িত তার সহপাঠী গাজী হুমায়ুন কবীরের দেয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান।

নিহত বাপ্পী রঘুনাথপুর গ্রামের মৃত  বেল্লাল শেখের ছেলে এবং স্থানীয় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আজম বলেন, “গত ৬ মার্চ রাত সাড়ে ১১টার দিকে বাপ্পী বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল।

“ছেলেকে না পেয়ে ৮ মার্চ তার মা ইয়াসমিন বেগম বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

“এরপর বাপ্পীর মোবাইল ফোনের রিসিভ কলের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং তার সহপাঠী গ্রামের ফজর গাজীর ছেলে হুমায়ুন কবীরকে আটক করা হয়। ”

জিজ্ঞাসাবাদে হুমায়ুন বন্ধুদের নিয়ে বাপ্পীকে পিটিয়ে হত্যা এবং ছোট সুগন্ধী গ্রামের জাকির ইজারাদারের বাগানে লাশ লুকিয়ে রাখার কথা স্বীকার করে বলে জানান ওসি।

পূর্ব শত্রুতার জের ধরে তিন জন মিলে বাপ্পীকে হত্যার কথা স্বীকার করলও কী নিয়ে শত্রুতা ছিল তা জানায়নি হুমায়ুন।

এ ঘটনায় নিহতের মা হুমায়ুন কবিরসহ তিনজনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা করেছেন।

সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্য হত্যাকারীদের ধরতে পুলিশী অভিযান চলছে।