পবায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গ্রেপ্তার
দশম জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতার মামলায় রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনের এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার তেবাড়িয়া এলাকায় নির্বাচনের গণসংযোগ করার সময় গ্রেপ্তার আব্দুস সাত্তার উপজেলা যুবদলের সভাপতি।
পবা থানার ওসি আকবর হোসেন বলেন, সংসদ নির্বাচনের পরদিন উপজেলার কৈপুকুরা গ্রামের ভোটারদের উপর আব্দুস সাত্তারের নেতৃত্বে হামলা চালানো হয়।
“এতে ১৫টি বাড়ি ভাংচুর এবং অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি সাত্তার।”
এছাড়া ভোটের আগের রাতে উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে বোমা হামলার ঘটনার মামলাতেও তিনি আসামি বলে জানান ওসি।
ওসি আকবর আরো বলেন, ঘটনার পর থেকে আত্মগোপনে থাকলেও জামিন ছাড়াই তিনি এলাকায় এসে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে গণসংযোগ করছিলেন।
“খবর পেয়ে তেবাড়িয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”
সাত্তার নির্বাচনী হলফ নামাতেও মামলার বিষয়টি গোপন করেন বলে জানান ওসি।
