২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৮ দিন পর আইনজীবীর লাশের সন্ধান

নিখোঁজের আট দিন পর মুন্সিগঞ্জের এক আইনজীবীর লাশের সন্ধান পাওয়া গেছে সিলেটের আঞ্জুমান মুফিদুল ইসলামের কবরস্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 08:21 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

মুন্সীগঞ্জ সদর থানার এএসআই মনির হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হন আইনজীবী কাজী ওবায়দুল ইসলাম শিপন। তিনি মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর গ্রামের মৃত কাজী শামসুল হুদার ছেলে।

তার নিখোঁজের খবর ছবিসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে রোববার লাশ শনাক্ত করে সিলেট পুলিশ।

রোববার দুপুরে আইনজীবীর স্বজনরা সিলেট শহরে পৌঁছেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন এএসআই মনির হোসেন।

মুন্সিগঞ্জ আদালতের আইনজীবী লাভলু মোল্লা জানান, শিপনের মৃত্যুতে শোক প্রকাশ করে রোববার আদালতে কোনো মামলা পরিচালনা হয়নি।

সিলেট কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, ১ মার্চ রাতে কে বা কারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইনজীবীর লাশ ফেলে পালিয়ে যায়।

“পরিচয় নিশ্চিত হতে না পারায় ছয় দিন পর সিলেট মেয়রের অনুমতি সাপেক্ষে আঞ্জুমান মুফিদুল ইসলামের কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়।”