সাবের হোসেন চৌধুরীর মায়ের মৃত্যু
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরীর মা রাশেদা হোসেন চৌধুরী মারা গেছেন।
শনিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় বিকাল পৌনে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাশেদা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, রাশেদা হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি।১৯৩৮ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে রাশেদা হোসেন চৌধুরীর জন্ম হয়। তার স্বামী শিল্পপতি হেদায়েত হোসেন চৌধুরী কর্ণফুলি গ্রুপের প্রতিষ্ঠাতা।
রাশেদা হোসেন চৌধুরীর তিন ছেলে হলেন-সাইদ হোসেন চৌধুরী, সাদেক হোসেন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরী।রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে প্রয়াতের মরদেহ ঢাকায় আনা হবে বলে স্বজনরা জানিয়েছেন।
