গাজীপুরে অস্ত্রসহ ৩ যুবক আটক
গাজীপুর শহরে একটি স্কুলে গিয়ে গুলি ছোড়ার পর অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার সকালে শহরের বাসন এলাকার তৈজুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন, বাসন এলাকার হারুন মিয়ার ছেলে ইমরান (২৭), একই এলাকার রহম আলীর ছেলে আজিজুল হাকিম রকি (১৮) ও আব্দুল হান্নানের ছেলে রনি (২৮)।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান রিপন বলেন, সকালে আজিজুল হাকিম রকি তৈজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভেতরে ঢুকে ওই স্কুলের ছাত্র খায়রুল ইসলাম তন্ময়কে মারধর করে। পরে তন্ময় বিষয়টি তার বাড়িতে জানালে অভিভাবকরা স্কুলের শিক্ষকদের জানান।
“এ খবর পেয়ে রকি তার কয়েকজন সহযোগী নিয়ে স্কুলে গিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে স্কুলের ছাত্ররা এবং এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে দেয়। এ সময় বাকিরা পালিয়ে যায়।”
