চট্টগ্রামে স্বাধীনতার বইমেলা শুরু
চট্টগ্রাম নগরীর ডিসি হিলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা ।
শুক্রবার বিকালে চট্টগ্রাম একাডেমির উদ্যোগে মেলার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আলোকিত হতে হলে বইয়ের কাছেই যেতে হবে। বই পড়েই আমরা ইতিহাস, ঐতিহ্য, ধর্ম ও বিজ্ঞান সম্পর্কে জানতে পারি।
“অনেকে মনে করেন এই প্রযুক্তির যুগে বই হারিয়ে যাবে। কিন্তু আমি মনে করি, আগামীতেও কোনো না কোনোভাবে বই টিকে থাকবে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, “বিভক্তি দূর করে সমাজকে এগিয়ে নিতে প্রয়োজন পরিশুদ্ধ বিবেক। আর জ্ঞানের আলো জ্বেলেই বিবেককে জাগ্রত করা যায়।”
বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুল হক ও চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক নেছার আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা পরিষদের যুগ্ম আহ্বায়ক আমিনুর রশীদ কাদেরী।
বইমেলায় চট্টগ্রামের প্রয়াত মনীষীদের নামে আলাদা স্টল থাকছে। পাশাপাশি চট্টগ্রাম ও ঢাকার কয়েকটি প্রকাশনা সংস্থা এতে অংশ নিচ্ছে।
বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
