২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষিকা লাঞ্ছনার অভিযোগ

দুই শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে কর্মসূচি দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 09:26 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শুক্রবার হাটহাজারী সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভায় শনিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণের ঘোষণা দেন সমিতির সভাপতি আবু বকর চৌধুরী।

তিনি বলেন, “শিক্ষক নির্যাতনকারী ইউএনও’র অপসারণ না হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

গত বুধবার উপজেলার ছিপাতলি ইউনিয়নের আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও ইসরাত জাহান পান্নার হাতে প্রধান শিক্ষিকা ফেরদৌস আকতার ও শিক্ষিকা জিনাত আরা লাঞ্ছিত হন বলে অভিযোগ সমিতির।

এবিষেয়ে ফেরদৌস আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সেদিন সকাল ১০টা ২৫ মিনিটে স্কুলে পৌঁছাই। সেখানে আগে থেকে ইউএনও ম্যাডাম উপস্থিত ছিলেন।

“তিনি দেরি হওয়ার কারণ জানতে চান। জিনাত আরা জবাব দিতে শুরু করলেই ইউএনও তাকে চড় মারতে শুরু করেন। ইউএনও আমাকেও ধাক্কা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।”

দেরিতে বিদ্যালয়ে উপস্থিতির বিষয়ে ফেরদৌস বলেন, সদর থেকে প্রায় ১০ মাইল দূরে অবস্থিত স্কুলটিতে যাওয়ার জন্য সময়মতো যানবাহন পাওয়া যায়নি।

“এজন্য তিনি (ইউএনও) প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে পারতেন। কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার তার নেই। ইউএনও মোবাইল কোর্ট বসিয়ে আমাদের জেলে দেয়ারও হুমকি দেন।”

ঘটনার পরদিন বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক, স্থানীয় গ্রামবাসী এবং শিক্ষার্থীরা জানিয়েছেন, ইউএনও দুই শিক্ষিকাকে ধাক্কা দেন এবং চড় মারেন।”

তবে ইউএনও ইসরাত জাহান পান্না ওই দুই শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এধরণের কোনো ঘটনা ঘটেনি। তারা আমার কাছে দেরিতে আসার জন্য দুঃখপ্রকাশও করেছিলেন।

“৯টায় স্কুলে উপস্থিত থাকার কথা থাকলেও দুই শিক্ষিকা ১১টায় আসেন। ওইদিন স্কুলটির অন্য দুই শিক্ষকও অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন।

“কোনো শিক্ষক না থাকলেও শিক্ষার্থীরা ক্লাশরুমে বসা ছিল। স্কুলের চাবি শিক্ষার্থীদের কাছেই থাকে বলে জেনেছি। বিষয়টি সেদিনই লিখিতভাবে সাংসদ, জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানিয়েছি।”

এঘটনায় হাটহাজারী সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সকালে বৈঠক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেয়।

পরে বিকাল ৩টায় পানি সম্পদমন্ত্রী ও স্থানীয় সাংসদ আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

সমিতির সভাপতি আবু বকর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংসদ টেলিফোন করায় আমরা অবস্থান কর্মসূচি শেষ করে চলে যাই। রাত ৯টার পর সাংসদ আমাদের সঙ্গে এবিষয়ে আলোচনা করবেন।”