মানামা থেকে ৩ বাংলাদেশির লাশ আসছে শনিবার
বাহরাইনের রাজধানী মানামায় আগুন লেগে নিহত তিন বাংলাদেশির লাশ শনিবার ঢাকা আসছে।
এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের মৃতদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এম শামীম আহসান।
২৭ ফেব্রুয়ারি মানামার মাখারকা এলাকার একটি ভবনে এই অগ্নিকাণ্ডে নিহত হন- কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের দুলাল মিয়া (৩০), একই উপজেলার ভারেল্লা ইউনিয়নের রামপুর গ্রামের জালাল উদ্দিন (৩০) ও মোশারফ হোসেন (৩২)।
ওই ঘটনায় আরো দুই বাংলাদেশি সামান্য আহত হন।
এর আগে গত বছর জানুয়ারিতে মানামার একই এলাকার একটি ভবনে আগুন লেগে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়।
২০১২ সালের ২৭ মে মানামা থেকে ২০ কিলোমিটার দূরে এক বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছিলেন। ২০০৬ সালে একই ধরনের ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ শ্রমিক।
বাহরাইনে বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছেন। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী এই সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি, যেখানে দেশটির মোট জনসংখ্যা সাড়ে ১২ লাখের কম।
১৯৭৬ সালের পর থেকে দুই লাখেরও বেশি বাংলাদেশ কাজ নিয়ে বাহরাইনে গেছেন। ২০১১-২০১২ অর্থবছরে প্রায় ৩০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন তারা।
