২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল-৮ উপ-নির্বাচনে প্রতীক পেলেন ৫ প্রার্থী

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থী প্রতীক পেয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 06:48 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার নিজ কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

দশম জাতীয় সংসদের সদস্য আওয়ামী লীগ নেতা শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

প্রার্থীদের মধ্যে তার ছেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয়কে নৌকা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মালেক মিঞাকে হরিণ, জাতীয় পার্টির (জেপি) প্রার্থী সাদেক সিদ্দিকীকে বাই-সাইকেল এবং স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ আজাদকে আনারস ও লিয়াকত আলীকে মোরগ প্রতীক দেওয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি শওকত মোমেনের মৃত্যুর পর ২৯ মার্চ উপ-নির্বাচনের দিন রেখে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার, ২৬ ফেব্রুয়ারি যাচাই-বাছাই এবং ৬ মার্চ প্রত্যাহারের শেষ দিন ছিলো।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কৃষক-শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী মনোনয়ন পত্র জমা দিলেও ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে এর বিরুদ্ধে তিনি আপিল করলেও হাইকোর্ট তা খারিজ করে।

একই কারণে জাতীয় পার্টির প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী এবং হলফনামায় সই না করায় আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ মিঞার মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি দশম সংসদ নির্বাচন বয়কট করলে সব দলের অংশগ্রহণ না হওয়ার কারণ দেখিয়ে কাদের সিদ্দিকীও ৫ জানুয়ারির ভোটের লড়াইয়ে আসেননি।