২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে হাতবোমা: ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

দুই বছর আগে হরতালের মধ্যে সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তিন মাসের বেশি পিছিয়ে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 11:05 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। আসামিপক্ষের সময়ের আবেদনে ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া আগামী ১৬ জুন নতুন দিন ঠিক করেছেন।

আসামিদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, সাদেক হোসেন খোকা এদিন আদালতে উপস্থিত ছিলেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২০১২ সালের ২৯ এপ্রিল ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে সচিবালয় এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় মামলা দায়ের হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা একই বছরের ৩১ মে এ ঘটনায় ফখরুলসহ জোট নেতাদের নামে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগপত্রে ফখরুল ছাড়া বিএনপির অন্য নেতাদের মধ্যে মহানগরের আহ্বায়ক ও  কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, খোন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, মোরতাজুল করিম বাদরু, রেহানা আক্তার ডলি ওরফে রেহানা ইয়াসমিন ডলি ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া ওরফে বাদল রয়েছেন।

বিএনপির সাবেক সাংসদদের মধ্যে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, শাম্মী আক্তার, রেহানা আক্তার রানু, নিলোফার চৌধুরী মনির নাম রয়েছে অভিযোগপত্রে।

বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে অভিযোগপত্রে ছাত্রদলের তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আবদুল মতিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, সহদপ্তর সম্পাদক কামররুজ্জামান দুলাল ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার রয়েছেন।

এছাড়া জোটের শরিক বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং এলডিপির চেয়ারম্যান অলি আহমদও রয়েছেন আসামিদের তালিকায়।

অভিযোগপত্রে বলা হয়, “সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি সাধনসহ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নস্যাৎ করার উদ্দেশ্যে বাংলাদেশ সচিবালয়ের ২ নং গেটের বাইরে এবং সচিবলায়ের সীমানা প্রাচীরের ভেতর গাড়ি পার্কিং গ্যারেজের পশ্চিম পাশে অজ্ঞাতানামা দুইজন মটরসাইকেল আরোহী দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।”