২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস লাইন কাটতে গিয়ে মারধরের শিকার

সিরাজগঞ্জে গ্যাস সংযোগ বিছিন্ন করার সময় তিন প্রকৌশলীসহ সাতজনকে মারধরের অভিযোগ উঠেছে একটি মিলের কর্মচারীদের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 08:16 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার শাহ মখদুম ক্যালেন্ডার এন্ড মার্সরাইজ মিলে পিজিসিএল-এর একটি দল অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় পিজিসিএলের বাঘাবাড়ি আঞ্চলিক শাখার ব্যবস্থাপক জহুরুল হক, ভিজিল্যান্স ব্যবস্থাপক গোলাম মোর্শেদ, উপ-সহকারী প্রকৌশলী রুবেল হাসান, লাইনম্যান আব্দুল আজিজ ও মোজাম্মেল হকসহ সাতজন মারধরের শিকার হয়েছেন।

পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অনুমোদন করা লোডের চেয়ে বেশি পরিমাণে গ্যাস ব্যবহারের কারণে প্রকৌশলীরা সেখানে সংযোগ বিচ্ছিন্ন করতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কারখারন লোকজন প্রথমে বাধা দেয় এবং পরে তাদের মারধর করে প্রকৌশলী ও স্টাফদের দুঘণ্টা আটকে রাখে।

বিচ্ছিন্ন করা সংযোগ পুনরায় চালু করার পর তাদের ছেড়ে দেয়া হয় বলেও জানান তিনি।

আলী হোসেন বলেন, এ ঘটনায় মিল কর্মচারী ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শাহ মখদুম ক্যালেন্ডার এন্ড মার্সরাইজ মিল মালিক হায়দার আলী বলেন, বিনা নোটিশে একটি চক্রের উস্কানিতে অন্যায়ভাবে গ্যাস সংযোগ বিছিন্ন করতে আসায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।

বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।

শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল বলেন, স্থানীয় লোকজন এবং পিজিসিএল কর্মকর্তারা তাকে বিষয়টি জানিয়েছেন।