২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন মজুরি ‘বেশি নেবেন’ নিটিং মালিকরা  

পোশাক শিল্পের সহযোগী নিটিং কারখানার উৎপাদন মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 08:33 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে বিসিকি শিল্পলনগরীতে ‘বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন’ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন।

নতুন এ মজুরি বাস্তবায়নে নিট গার্মেন্টস মালিকরা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে আগামী ১ এপ্রিল থেকে তারা কারখানায় উৎপাদন বন্ধের হুমকি দেন।

গার্মেন্টস মালিকরা সুতা থেকে প্রস্তুত কাপড় নিটিং মালিকদের কাছ থেকে বানিয়ে নেন; এক্ষেত্রে সুতা সরবরাহ করেন গার্মেন্টস মালিকরা। প্রতিকেজি হিসেবে এখানে কাপড়ের উৎপাদন মজুরি নির্ধারিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি আবু তাহের শামীম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, মাহবুবুর রহমান, পরিচালক রাকিবুল হাসান, মাজহার ইসলাম স্বপন প্রমুখ।

তারা বলেন, সারাদেশে নিটিং কারখানা (সুতা থেকে থান কাপড় তৈরি) রয়েছে দুই হাজারের অধিক। প্রতিদিন এই শিল্প থেকে প্রায় ২০ লাখ কেজি সুতা থেকে কাপড় উৎপাদন হয়।

এই শিল্পে বিনিয়োগ রয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা এবং এতে জড়িত রয়েছে প্রায় ৪০ হাজার শ্রমিক।

২০০৪ সাল থেকে মজুরি (গার্মেন্টস মালিকরা যে দামে নিটিং কারখানা থেকে কাপড় বানিয়ে নেন) কমতে থাকায় নিটিং শিল্প ব্যবসায়ীরা অব্যাহত লোকসানের মুখে পড়েছেন। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। যেগুলো টিকে রয়েছে সেগুলোও বন্ধ হওয়ার উপক্রম।

বর্তমানে সরকার কর্তৃক নতুন মজুরি বৃদ্ধি, দুই বছরে কয়েক দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি, কারখানা ভাড়া, অগ্রিম বৃদ্ধি, নিটিং মেশিনারিজ ও যন্ত্রপাতি মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে প্রতিকেজি সুতা থেকে কাপড় উৎপাদনে খরচ হচ্ছে ১৫ টাকা। অথচ নিটিং মালিকদের দেওয়া হচ্ছে কেজি প্রতি ১০ টাকা। প্রতি কেজিতে ৫ টাকা করে লোকসান দিতে হচ্ছে।

তাই নিটিং শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে দুই দফায় উৎপাদন মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম দফায় চলতি বছরের ১৫ মার্চ থেকে ‘সিঙ্গেল জার্সি’ কেজি প্রতি ১৩ টাকা এবং ২০১৫ সালের পহেলা জানুয়ারি থেকে কেজি প্রতি ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তারা বলেন, নিট গার্মেন্টস মালিকরা নতুন ঘোষিত মজুরি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে আগামী পহেলা এপ্রিল অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হবে।

এ ব্যাপারে নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমই এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, উৎপাদন মজুরি নির্ধারণ হবে বাজার দর ও চাহিদার উপর। কিন্তু নিটিং ওনার্স এসোসিয়েশন সিঙ্গেল জার্সি কেজি প্রতি ৩ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে, এটা অত্যাধিক।

বিদ্যুতসহ অন্য জিনিসের দাম বাড়লেও তাদের উৎপাদন মজুরি এক টাকা অথবা দুই টাকা বাড়ানো যেত, তা নিট গার্মেন্টস মালিকদের জন্যও সহায়ক হতো।

এভাবে হুট করে মজুরি বাড়ানোর ঘোষণায় অনেক গার্মেন্টস মালিক বিপাকে পড়বেন বলে মনে করেন তিনি।