জুবায়ের হত্যামামলায় শিক্ষকের সাক্ষ্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আব্দুল মান্নান চৌধুরী।
বুধবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক তার সাক্ষ্য নিয়ে পরবর্তী সাক্ষ্য নিতে ৯ মার্চ দিন ঠিক করেছেন।
এ নিয়ে এ মামলায় ১৩ জনের সাক্ষ্য নেয়া হলো বলে জানান ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম।
গত ২৩ ফেব্রুয়ারি কাঠগড়া থেকে পলাতক চার আসামি খন্দকার আশিকুল ইসলাম আশিক, খান মো. রইছ, ইসতিয়াক মেহবুব অরূপ ও মাহবুব আকরামের অনুপস্থিতিতে এ সাক্ষ্য নেয়া হয়।
আসামি রাশেদুল ইসলাম রাজু ও জাহিদ হাসান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অন্য সাত আসামি বুধবার আদালতে হাজির ছিলেন।
২০১২ সালের ৮ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগের একদল কর্মী কুপিয়ে জখম করে সংগঠনেরই কর্মী জুবায়েরকে। পরদিন মারা যান তিনি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপনিবন্ধক হামিদুর রহমান আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ ওই বছর ৮ এপ্রিল ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
এরপর ওই বছরের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
অভিযুক্তরা হলেন- খন্দকার আশিকুল ইসলাম আশিক, মো. রাশেদুল ইসলাম রাজু, খান মো. রইছ, জাহিদ হাসান, ইসতিয়াক মেহবুব অরূপ, মাহবুব আকরাম, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি ও মো. মাহমুদুল হাসান মাসুদ।
আসামিদের মধ্যে মাহবুব আকরাম ও নাজমুস সাকিব ওরফে তপু ২০১২ সালের ১৫ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
