জবির ‘বজলুর রহমান হল’ অবরোধ বৃহস্পতিবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া শহীদ বজলুর রহমান হলের জায়গা অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
পুরান ঢাকার বংশালের মালিটোলার ওই জায়গাটিতে বর্তমানে সিটি করপোরেশনের পরিচালনায় শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় রয়েছে, যা ১৯৮৫ সালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর বেদখল হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ওই বেদখল হওয়া হলের জায়গাটি অবরোধ করবে হল উদ্ধারে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবারের বিক্ষোভ কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ ঘোষণা দেন হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরীফুল ইসলাম।
এর আগে বুধবার সকালে পূর্বঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টার দিকে সহস্রাধিক শিক্ষার্থী তৃতীয় দিনের মতো বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার মূল ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় রায়সাহেব বাজার মোড় থেকে সদরঘাট ও যাত্রাবাড়ী রোডে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৮ দফা দাবিতে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।
ব্যাংক অবরোধ কর্মসূচিতেও শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয়ার পর দুপুরে শহীদ মিনার চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা।
বেদখল হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা অপসারণসহ অন্যান্য দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
