প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রুনাইয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ব্রুনাইয়ে প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন ঢাকায় ব্রুনাইয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত আবদুল হারিস।
পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। ব্রুনাইয়ে কর্মরত বাংলাদেশীদের প্রশংসা করে সে দেশের রাষ্ট্রদূত বলেন, তারা তার দেশের অর্থনীতি এবং অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখছে। এ সময় প্রধানমন্ত্রী তাকে জানান, বাংলাদেশ আরো প্রশিক্ষিত শ্রমিক ব্রুনাইয়ে পাঠাতে পারে। দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন ব্রুনাইয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূতও। বৈঠকে শেখ হাসিনার মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং বিজন লাল দেব উপস্থিত ছিলেন।
