বিমসটেক সম্মেলন শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী
মিয়ামমারে বিমসটেকের তৃতীয় শীর্ষ সম্মেলন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে নে পি টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় পৌঁছেন তিনি।
নে পি টো বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান মিয়ানমারের শিল্পমন্ত্রী মিং মিন্ট। ওই সময় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়।
সোমবার মিয়ানমার পৌঁছলে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।
মঙ্গলবার শীর্ষ সম্মেলনে অংশ নেয়া ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে এবং নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠক করেন হাসিনা।
মঙ্গলবার নে পি টো পৌঁছেই মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেছিলেন হাসিনা। ওই দিন নোবেলজয়ী অং সান সু চি ও মিয়ানমার পার্লামেন্টে স্পিকারের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এবারের বিসমটেক শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ছিল - ‘সংহতি ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব’।
সম্মেলনে ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা এবং ভারতে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক বিমসটেক সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে দুটি মেমোরেণ্ডাম অব অ্যাসোসিয়েশন এবং ভুটানে বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ কমিশন ও বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ অবজারভেটরি প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক সই হয়।
সম্মেলনে জোটের শীর্ষ নেতারা গত শীর্ষ সম্মেলনের পর অর্জিত অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংস্থার যৌথ অঙ্গীকারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করেন।
শেখ হাসিনা তার বক্তব্যে আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে বিমসটেকভুক্ত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশও ‘সোনার বাংলা’ গড়ে তেলার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “বিমসটেকের লক্ষ্য পূরণে বাংলাদেশের অঙ্গীকারের কথা আমি পুনর্ব্যক্ত করছি। আমাদের সবাইকে আমাদের সাধারণ লক্ষ্যে পৌঁছে দেয়ার সম্ভাবনা এই জোটের আছে। বিশেষ করে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশের ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে এই জোট ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।”
বিমসটেকের স্থায়ী সচিবালয়ের জন্য বাংলাদেশের রাজধানী ঢাকাকে বেছে নেয়ায় জোটভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি।
সফরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ।
১৯৯৭ সালে গঠিত বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকটরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশনের প্রথম শীর্ষ সম্মেলন ২০০৪ সালে ব্যাংককে এবং ২০০৮ সালে নয়া দিল্লিতে দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের এই জোটের এ অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, পর্যটন, কৃষি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, আন্তঃযোগাযোগ, সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করার কথা।
বাংলাদেশের কাছে শেখার আছে: সু চি
আলোচনায় শরণার্থী সমস্যা সমাধানে জোর হাসিনার
