২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকনিক বাস উল্টে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু  

গাইবান্ধা সদরে একটি বনভোজনের বাস উল্টে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 11:15 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার রাত সাড়ে ৯টায় গাইবান্ধা-বালাসি সড়কের পুলবন্দি ফলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে রাফিক মিয়া (১৪) ও আহসান আলীর ছেলে হাসান মিয়া (১৪)। তারা ফুলছড়ির খবিরিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক।

যশোরে পিকনিক বাস উল্টে বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের আট নিহত হওয়ার দুই সপ্তাহের মধ্যে মাদ্রাসার পিকনিক বাস খাদে পড়ল।

গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, সকালে খবিরিয়া দাখিল মাদ্রাসার প্রায় ১০৭ জন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী দুইটি বাসে দিনাজপুরের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী যায়।

সেখান থেকে ফেরার পথে গাইবান্ধা জেলা শহরের অদূরে পুলবন্দি ফলিয়ায় বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে বাসে চাপা পড়ে ঘটনাস্থলে রাফিক ও হাসান নিহত হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, এ গটনায় মামলা দায়ের করা হবে।

গত ১৫ ফেব্রুয়ারি মেহেরপুরের মুজিবনগরে বনভোজন শেষে বাড়ি ফেরার পথে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বাস যশোরের চৌগাছার ঝাউতলায় রাস্তার ধারে পুকুরে পড়ে যায়।

এতে সাত শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়, আহত হয় অর্ধশতাধিক। পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন।

বনভোজনের সেই বাসের ‘ফিটনেস’ ছিল না