জঙ্গি ছিনতাই: রাজু ১০ দিনের রিমান্ডে
ময়মনসিংহে প্রিজন ভ্যান থেকে দণ্ডিত তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামালপুর থেকে গ্রেপ্তার রাজু আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ওসি মাজেদুর রহমান সোমবার দুপুরে রাজুকে জেলার ৪ নম্বর আমলি আদলতে হাজির করে ১০ দিনের হেফাজত চান।
শুনানি শেষে বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিন ১০ দিন হেফাজতই মঞ্জুর করেন।
রোববার দুপুরে ইসলামপুরের নটারকান্দা ব্যাপারীপাড়া থেকে রাজু আহম্মেদকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ।
ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা ব্যাপারীপাড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে রাজু নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির একজন সদস্য বলে জানান জামালপুর ডিবি পুলিশের ওসি মো. কামরুজ্জামান।
গ্রেপ্তারের পর রোববারই রাজুকে ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাজু জড়িত বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
গত ২৩ ফেব্রয়ারি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় জেএমবির সদস্যরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে তিন জেএমবি জঙ্গিকে ছিনতাই করে।
ওই তিন জঙ্গি হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, রাকিবুল হাসান এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান।
এর মধ্যে রাকিবুল ওইদিনই টাঙ্গাইলে ধরা পড়েন এবং ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
তিন জঙ্গি ছিনতাই ঘটনায় আরেকজন গ্রেপ্তার
