আশুলিয়ায় র্যাব-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় মামলা
সাভারের আশুলিয়ায় আসামি ধরাকে কেন্দ্র করে গ্রামবাসী ও র্যাবের সংঘর্ষের ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম সরকার জানান, সোমবার ভোরে র্যাব-৪ এর ডিএডি মতিউর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।
তিনি বলেন, সরকারি কাজে বাধা, মারধর ও হামলার অভিযোগে করা ওই মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
রোববার রাতে ওই এলাকা থেকে আটক সালমা বেগম ওরফে রুবীকে (২৫) মামলার প্রধান আসামি করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, মামলায় রোববারের ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ নেই।
আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা ও একাধিক মামলার আসামি আব্দুল আলীমকে তার বাবা ইয়াকুব আলীর জানাযা থেকে রোববার সন্ধ্যায় র্যাবের সাদা পোশাকের একটি দল আটক করলে এলাকাবাসী বাধা দেয়। তখন র্যাব ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘের ঘটনা ঘটে।
এসময় র্যাবের অতিরিক্ত সদস্য ওই এলাকায় অবস্থান নিলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে র্যাব সদস্যদের উদ্ধার করে।
এদিকে গ্রেপ্তারের ভয়ে ওই এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।
এছাড়া আব্দুল আলীমের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসীও ওই ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে রাজি হয়নি।
