বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে গুলিতে নিহত এক বাংলাদেশির লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
সোমবার বিজিবির কাছে গরু ব্যবসায়ী মুকুল মিয়ার লাশটি হস্তান্তর করা হয়।
বিজিবির পক্ষে লাশ গ্রহণ করেন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার রাই মোহন রায়। ভারতীয় বিএসএফের পক্ষে ছিলেন করলা কোম্পানি কমান্ডার ডিডি শর্মা।
উপজেলার পশ্চিম বালাটারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মুকুল মিয়া (৩৫) বিএসএফের গুলিতে আহত হওয়ার পর রোববার ভোরে কুচবিহার হাসপাতালে মারা যায়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, মুকুল মিয়ার লাশ ফেরত পাওয়া গেছে। সংক্ষিপ্ত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। নিহতের ঘটনায় ভারত দুঃখ প্রকাশ করেছে।
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শনিবার ভোরের দিকে উপজেলার খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নম্বর পিলারের পাশের ফাঁকা জায়গা দিয়ে ভারত ও বাংলাদেশের গরু ব্যবসায়ীরা গরু নিয়ে আসার সময় বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে।
এ সময় বাংলাদেশি গরু ব্যবসায়ী মুকুল পিঠে গুলিবিদ্ধ হয়ে নোম্যান্স ল্যান্ডে পড়ে যায়। পরে বিএসএফ তাকে নিজেদের ভূখণ্ডে নিয়ে যায়।
রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় কুচবিহার হাসপাতালে মারা যায় মুকুল।
