আমদানির জন্য আলুর এক রকম আকার চান মজীনা
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, বাংলাদেশে উৎপাদিত আলুর আকার একই রকম না হওয়ায় চাহিদা সত্ত্বেও বিদেশে রপ্তানির বাজার পাচ্ছে না।
আলুর ব্যাপক উৎপাদনে কৃষকদের ন্যায্য দাম না পাওয়ার মধ্যে রোববার মুন্সীগঞ্জে ফসলের ক্ষেত পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কৃষাণ সিড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান মুন্সীগঞ্জে যুক্তরাষ্ট্রের তিন জাতের আলুর পরীক্ষামূলকভাবে চাষ করছে।
বেলা ১২টায় টঙ্গীবাড়ি উপজেলা সদরের কাছে কাজলা পাথার বিলে ওই প্রতিষ্ঠানটির নতুন জাতের আলু চাষের ক্ষেত পরিদর্শনে আসেন মজীনা।
বাংলাদেশের আলুর বহুমুখী ব্যবহার এবং বিদেশে তা রপ্তানি করতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো সহায়তা করবে কি না- তার কাছে তা জানতে চান সাংবাদিকরা।
জবাবে রাষ্ট্রদূত বলেন, “সরকারিভাবে এমন সম্ভাবনা নেই। তবে বেসরকারিভাবে এটা করা যোতে পারে, যার প্রক্রিয়া শুরু হয়েছে।
“রপ্তানির জন্য আলুর ধরন ও আকার একই রকম হওয়া বাঞ্ছনীয়। বাংলাদেশে বর্তমানে উৎপাদিত আলুর সাইজ বিভিন্ন ধরনের হওয়ায় ব্যাপক চাহিদা সত্ত্বেও রপ্তানি করা যাচ্ছে না।”
চলমান উপজেলা নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “আমরা নির্বাচন পর্যবেক্ষণ করছি। এখনি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করব না।”
সকাল সোয়া ৯টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আসেন রাষ্ট্রদূত। সেসময় তাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
সকাল সাড়ে ১০টায় তিনি জেলা প্রশাসক কার্যালয় থেকে সদরে অবস্থিত ষোড়শ শতকে নির্মিত মোঘল আমলের ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করেন।
এরপর কাজী কসবায় অবস্থিত চৌদ্দশ’ শতকে সুলতানী আমলে নির্মিত ‘বাবা আদমের মসজিদ’ এবং বজ্রযোগিনীতে জ্ঞানতাপস অতীশ দীপঙ্করের জন্মভিটা পরিদর্শন করেন।
দুপুরে টঙ্গীবাড়ি উপজেলা ডাকবাংলোতে স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।
