২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জঙ্গি ছিনতাই ঘটনায় আরেকজন গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে দণ্ডিত জঙ্গি ছিনতাই ঘটনায় জড়িত অভিযোগে জামালপুরে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 11:09 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

ডিবি পুলিশের একটি দল রোববার দুপুরে ইসলামপুরের নটারকান্দা ব্যাপারীপাড়া থেকে রাজু আহম্মেদকে (৩৩) গ্রেপ্তার করে।

গত ২৩ ফেব্রয়ারি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় জেএমবির সদস্যরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে দণ্ডিত তিন জেএমবি জঙ্গিকে ছিনতাই করে। পরে এদের মধ্যে একজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

জামালপুর ডিবি পুলিশের ওসি মো. কামরুজ্জামান জানান, তিন জঙ্গি ছিনতাইয়ে জড়িত অভিযোগে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ জামালপুর ডিবি পুলিশের সহায়তায় ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা ব্যাপারীপাড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে জেএমবি সদস্য রাজু আহম্মেদকে গ্রেপ্তার করেছে।

রাজু আহম্মেদকে ময়মনসিংহ ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় রাজু জড়িত রয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

এর আগে ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা হলেন মাইক্রোবাস চালক জাকারিয়া ও রাসেল।

রোববার সকালে ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলের সখিপুরে একটি মাইক্রোবাসসহ আটক করা হয় জাকারিয়াকে।

এরপর টাঙ্গাইলের মির্জাপুরের তক্তারচালা এলাকা থেকে পালিয়ে যাওয়া রাকিবুল হাসানের সঙ্গে গ্রেপ্তার করা হয় রাসেলকে।

পালিয়ে যাওয়া জঙ্গিরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন ওরফে সানি, রাকিবুল হাসান এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান।

এর মধ্যে রাকিবুল কয়েক ঘণ্টার মধ্যে টাঙ্গাইলে ধরা পড়েন এবং ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।