২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় স্থগিত ২ কেন্দ্রে ভোট সোমবার

জাল ভোটসহ নানা অনিয়মের কারণে প্রথম পর্বে সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্থগিত হওয়া ২টি কেন্দ্রে চেয়ারম্যান পদে সোমবার নির্বাচন হচ্ছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 05:40 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ শামীম আলম জানিয়েছেন, ভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে।

আকবর আলী সরকারি কলেজ ও নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৭ হাজার ২৮৬টি ভোটের চাইতে দুই ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীদের ব্যবধান বেশি হওয়ায় শুধু চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

১৯ ফেব্রুয়ারী প্রথম পর্বে নির্বাচনে এ উপজেলার ১২১টি কেন্দ্রের মধ্যে ১১৯টির ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মারুফ বিন হাবিব ঘোড়া প্রতীক নিয়ে প্রতিপক্ষের চেয়ে ২ হাজার ৬৯৩ ভোটে এগিয়ে রয়েছেন।

তিনি পেয়েছেন ৮৫ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শামসুল হক মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৬১৯ ভোট।

এছাড়াও জামায়াত সমর্থিত জাহিদ হোসাইন আনারস প্রতীকে ২৫ হাজার ৫৯৭, নির্দলীয় প্রার্থী মনিরুজ্জামান মাহফুজ দোয়াত কলম প্রতীকে ২ হাজা ৬২২ ও জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত জয়নাল আবেদিন টেলিফোন প্রতীকে ৫০২ ভোট  পেয়েছেন।

জাল ভোট প্রদানের অভিযোগে উপজেলা সদরের আকবর আলী সরকারি কলেজ কেন্দ্র এবং ভোটগ্রহণকালে নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সিলযুক্ত প্রায় ১৪শ’  ব্যালটসহ ৫টি বাক্স পুড়িয়ে ফেলায় এ দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

এ দুটি কেন্দ্রের ৭ হাজার ২৮৬ জন ভোটারের মধ্যে আকবর আলী কলেজে ৩ হাজার ৪৯৯ জন এবং নলসন্ধ্যা কেন্দ্রে ৩ হাজার ৭৮৭ জন ভোটার রয়েছেন।