কাদের সিদ্দিকীর আপিলও খারিজ
নির্বাচন কমিশনে আপিল করেও টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে পারছেন না কাদের সিদ্দিকী, যিনি বিএনপির সঙ্গে দশম সংসদ নির্বাচন বর্জন করেছিলেন।
ঋণখেলাপি হওয়ায় টাঙ্গাইল-৮ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করে দিলে নির্বাচন কমিশনে এই আপিল করেছিলেন কৃষক-শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী।
শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ রোববার শুনানি করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রাখেন।
কাদের সিদ্দিকীর মতো জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবু সাঈদ মিঞার আপিলও নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে।
অবশ্য কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন কাদের সিদ্দিকী।
ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং টাঙ্গাইল-৮ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার গত ২৬ ফেব্রুয়ারি কাদের সিদ্দিকী ও আশরাফ সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন ঋণ খেলাপির কারণে। আর আবু সাঈদের মনোনয়নপত্র বাতিল হয় হলফনামায় সই না করায়।
বাংলাদেশ ব্যাংকের সিআইবি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, কাদের সিদ্দিকী তার নিজস্ব প্রতিষ্ঠান সোনার বাংলা কনস্ট্রাকশনের নামে অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করেননি।
ওই তিনজনের আপিল শুনানি শেষে সিইসি বলেন, “তাদের আপিল আবেদন নামঞ্জুর করা হলো। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।”
আওয়ামী লীগের শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে জাতীয় সংসদের এ আসনটি শূন্য হলে ২৯ মার্চ ভোটের দিন রেখে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তিনজনের আপিল নাকচ হওয়ায় এ নির্বাচনে প্রার্থী থাকল আর তিনজন।
শওকত মোমেন শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী। এছাড়া প্রার্থীর তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক ও স্বতন্ত্র প্রার্থী ডা. লিয়াকত আলী।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি দশম সংসদ নির্বাচন বয়কট করলে সব দলের অংশগ্রহণ না হওয়ার কারণ দেখিয়ে কাদের সিদ্দিকীও ৫ জানুয়ারির ভোটের লড়াইয়ে আসেননি।
‘ঋণখেলাপি’ কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল
