২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব-মেরিন ক্যাবল: খালেদার সমালোচনায় পলক

সাব-মেরিন ক্যাবলে যুক্ত না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 10:18 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সাব-মেরিনকে যুদ্ধ জাহাজ মনে করে ফেরত পাঠানো হয়েছিল কি না তা নিয়েও বুধবার সংসদে প্রশ্ন তুলেছেন তিনি।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পলক খালেদা জিয়ার এসএসসি পাস না করা, উর্দু এবং আরবীতে শিক্ষা নেয়ার বিষয়ে একটি কবিতা আবৃত্তি করেও শোনান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “রাজনৈতিক দলের শীর্ষ নেতা হয়েও তিনি উপজেলা পদ্ধতি কেন বাতিল করেছিলেন সেজন্য তার ক্ষমা চাওয়া উচিত। দেশকে তিনি কেন পিছিয়ে দিয়েছিলেন তার জবাব দিতে হবে।”

শিক্ষার্থীদের বিনামূল্যে সরবরাহের জন্য ১৯৯৮ সালে নেদারল্যাণ্ডের সঙ্গে ১০ হাজার কম্পিউটার কেনার জন্য শেখ হাসিনা একটি চুক্তি করে, যা পরে বিএনপি ক্ষমতায় এসে বাতিল করে।

বিষয়টি তুলে ধরে পলক বলেন, “ওই কম্পিউটার ব্যান্ডের নাম ছিল ‘টিউলিপ’। শেখ রেহেনার মেয়ের নাম টিউলিপ হওয়ায় তারা ব্যক্তিগত আক্রোশে ওই চুক্তি বাতিল করে।

চুক্তি বাতিল হওয়ায় বাংলাদেশকে ৩২ কোটি টাকা জরিমানা দিতে হয়েছিল বলেও তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে শেখ হাসিনা জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ায় খালেদা তা বন্ধ করে দেন বলে দাবি করেন পলক।

“শেখ হাসিনা দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। আর খালেদা জিয়া সব কিছুকে ধ্বংস ও ভেঙে ফেলেন।”