ভোটে সহিংসতা এড়াতে কোনো ছাড় নয়: ইসি
কোনো ধরনের সহিংসতা ছাড়া উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
দ্বিতীয় ধাপের ভোটের আগের দিন বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ কথা বলেন।
শেরেবাংলা নগরে নিজের কার্যালয়ে তিনি বলেন, “দেশের অনেকগুলো এলাকায় নির্বাচন হলে ছোটখাটো সংঘর্ষ হতেই পারে। তবে আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে পরবর্তী ধাপগুলোয় যেন কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
গত বুধবার স্থানীয় সরকারের এ নির্বাচনের প্রথম ধাপে ভোট হয়, যাকে নির্বাচন কমিশন ও বেশি-বিদেশি পর্যবেক্ষকরা ‘শান্তিপূ্র্ণ’ বলে আখ্যায়িত করেছে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, “প্রথম ধাপের নির্বাচনে খুব বেশি সমস্যা হয়নি। তবে কিছু সহিংসতা হয়েছে। সহিংসতা এড়াতে এখন থেকে কোনো ছাড় না দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নিদের্শ দেয়া হয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো প্রার্থীই বিশেষ সুবিধা পাচ্ছে না। সবার অভিযোগ আমলে নিয়েই ব্যবস্থা নেয়া হচ্ছে, যাতে কাউকে কোন বিশেষ সুবিধা দেয়া না হয়।”
বৃহস্পতিবার ১১৫ উপজেলার নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ ধাপে নির্বাচন হওয়ার কথা থাকলেও মহেলাখালী উপজেলায় ভোট হবে ১ মার্চ।
এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ হয়েছে সব ধরনের প্রচারণা।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় পর্বে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে এক হাজার ৩৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫১৫, ভাইস-চেয়ারম্যান ৫২১ ও নারী ভাইস-চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৪০ জন।
এ ধাপের মোট ভোটার এক কোটি ৯৮ লাখ ৫১ হাজার ১৭৬ জন, যার মধ্যে পুরুষ ৯৯ লাখ ৩৭ হাজার ৭৪১ জন এবং নারী ভোটার ৯৯ লাখ ১৩ হাজার ৪৩৫।
