২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ছাত্র প্রিন্স হত্যায় ৮ জনের যাবজ্জীবন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র হাসিব হুমায়ুন প্রিন্স হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. নুরুজ্জামান বুধবার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শরীফ আহমেদ নয়ন, মাহমুদ হাসান রনি, মাকফি মাহমুদ মিশু, কামাল হোসেন জুয়েল, মোস্তফা কামাল রোমান, আশরাফুল নেওয়াজ বাবু ও মো. মিরাজ।

এদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে আরো এক বছর তাদের কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সৈয়দ আহমেদ গাজী।

এছাড়া মামলার আরেক আসামি রাজিয়া বেগমকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

আসামি কামাল হোসেন জুয়েল (৩৫) সম্পর্কে প্রিন্সের খালু। জুয়েলের পরকীয়া প্রেমে বাধা হয়ে দাঁড়ানোতেই প্রিন্সকে হত্যা করা হয় বলে আদালতে প্রমাণিত হয়েছে।

২০০৮ সালের ৫ অক্টোবর সকালে আসামি মো. মিরাজ বিশ্ববিদ্যালয় ছাত্র প্রিন্সকে তাদের আজিমপুরের বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিন্সের লাশ পাওয়া যায়।

প্রিন্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করা হয়। লাশ পাওয়ার পর প্রিন্সের বাবা কাঞ্চন হোসেন রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কলেজ শিক্ষক কাঞ্চন হোসেন চলতি মাসে মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রিন্সের মা হাসিনা আক্তারি।