২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 10:24 AM

Updated : 01 Sep 2026, 12:30 PM

জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান, বুধবার ভোরের দিকে পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম ওরফে এজুলের (৩২) বাড়ি জয়পুরহাট সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামে।

বিজিবি অধিনায়ক আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গরু ব্যবসায়ী আজিজুল ভোরের দিকে সীমান্ত পার হয়ে ভারতের গয়েশপুর ও জামালপুরের মাঝামাঝি এলাকায় গেলে বিএসএফ সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় সকাল সাড়ে ৯টা থেকে ভারতের গয়েশপুরে সীমান্ত ক্যাম্পে প্রায় আধা ঘণ্টা পতাকা বৈঠক হয়। সেখানে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয় বলে রাজ্জাক জানান।

তিনি বলেন, বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আজিজুলের লাশ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে তারা বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে।