২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণা: চট্টগ্রামে দুই শিল্পপতির বিরুদ্ধে অভিযোগ গঠন

চেক প্রতারণার পাঁচ মামলায় নূরজাহান গ্রুপের দুই কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 09:32 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এ অভিযোগ গঠন করে আগামী ৯ মার্চ মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়।

অভিযুক্তরা হলেন নূরজাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ এবং তার ভাই মেসার্স জাসমিয়া ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান।

এরমধ্যে জহির আহম্মদ ও টিপু সুলতান যৌথভাবে দুটি মামলায় এবং টিপু সুলতান এককভাবে তিনটি মামলার আসামি।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ বলেন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১০১ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে পাঁচটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

এরমধ্যে চারটি মামলায় গত ১৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিনে হাজির না হওয়ায় দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

পরদিন আদালতে হাজির হয়ে জামিন নেন দুই শিল্পপতি।

আদালত সূত্র জানায়, নগরীর পাহাড়তলি থানাধীন ফৌজদারহাট শিল্প এলাকায় অবস্থিত মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে কমার্স ব্যাংক থেকে ৫৫ কোটি টাকা ঋণ নেয়া হয়।

ঋণের অর্থ বাবদ ২০১২ সালের ২৩ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার একটি হিসাবের বিপরীতে পাঁচ কোটি টাকার একটি চেক দেয়া হয়।

কিন্তু ওই হিসাবে তহবিল না থাকায় টাকা উত্তোলনে ব্যর্থ হয়ে কমার্স ব্যাংক কর্তৃপক্ষ। জহির আহম্মদ ও টিপু সুলতানের বিরুদ্ধে একটি মামলা করে।

এর আগে কমার্স ব্যাংকের ওই ঋণ পরিশোধের জন্য একই বছরের ২১ মার্চ মার্কেন্টাইল ব্যাংকের ছয় কোটি টাকার আরেকটি চেক দেন দুই ভাই। কিন্তু এ চেকের বিপরীতেও টাকা পাওয়া যায়নি।

এই ঘটনায় ২৩ অগাস্ট কমার্স ব্যাংকের এক কর্মকর্তা বাদি হয়ে দুই শিল্পপতির বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

অন্যদিকে সোনালী ব্যাংক থেকে বিভিন্ন সময় নেয়া ঋণের বিপরীতে ওই বছরের ৪ সেপ্টেম্বর মার্কেন্টাইল ব্যাংকের ৮০ কোটি টাকার একটি চেক দেন মের্সাস জাসমিয়া ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান।

এই চেকের বিপরীতেও টাকা না পাওয়ায় ৮ অগাস্ট টিপু সুলতানের বিরুদ্ধে আদালতে মামলা করে সোনালী ব্যাংক।

সোনালী ব্যাংকের ঋণের বিপরীতে একই বছরের ২৮ জুন পাঁচ কোটি টাকা করে দুটি চেক দেন চেয়ারম্যান টিপু সুলতান।

ওই বছরের ৫ অগাস্ট চেক ওই তিনটিও প্রত্যাখ্যাত হওয়ার পর ২৮ অক্টোবর তিনটি মামলা হয় সোনালী ব্যাংকের পক্ষ থেকে।