মাগুরা ও গাইবান্ধায় বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় মাগুরায় বিএনপি থেকে একজন এবং গাইবান্ধায় আওয়ামী লীগ থেকে দুজনকে বহিষ্কার করা হয়েছে।
মাগুরা জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় শালিখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিল্টনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় ও জেলা কমিটির পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেন টুকুকে শালিখা উপজেলা নির্বাচনে সমর্থন দেয়া হয়।
এ সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হন মিল্টন।
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনেও দলীয় শৃঙ্খলা অমান্য করায় দুজনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামস-উল আলম হিরু ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক এবং জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ সারওয়ার মুক্তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সব উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্বাচন করার কথা।
সে অনুযায়ী দুজনকে মনোনয়ন দিলেও সে নির্দেশনা না মেনে এই দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।
“তাই এই আদেশ দেয়া হয়।”
