মন্ত্রিসভার আকার বাড়ছে
টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া শেখ হাসিনার ৪৯ সদস্যের মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরো দুজন, যারা বুধবার শপথ নিতে যাচ্ছেন।
মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান বুধবার হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র।
এর মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে শপথের আমন্ত্রণ পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু।
অবসরপ্রাপ্ত এই লেফটেন্যান্ট কর্নেল বলেন, “বিকাল সাড়ে ৫টার দিকে কেবিনেট সেক্রেটারি আমাকে ফোন করেছিলেন, দুপুর ১২টায় বঙ্গভবনে শপথ নেয়ার জন্য।”
সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু।
কোন মন্ত্রণালয় পাচ্ছেন- জানতে চাইলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যে দায়িত্বই দিক, তা সঠিকভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।”
শেখ হাসিনার এই সরকারে গত ১২ জানুয়ারি শপথ নেন ৪৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। তার দেড় মাসের মধ্যে মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে।
২০০৯ সালে মন্ত্রিসভা গঠনের এক মাসের কম সময়ের মধ্যে মন্ত্রিসভার আকার বাড়িয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের পর গত ১২ জানুয়ারি নতুন মন্ত্রিসভা শপথ নেয়ার পর স্বরাষ্ট্র ও পররাষ্ট্রে পূর্ণমন্ত্রীর দায়িত্ব কাউকে দেয়া হয়নি।
নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তার আগের দায়িত্বে ফেরত আসছেন বলে আগে থেকে ধারণা করা হচ্ছে।
শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়া নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আলীর শপথ নেবেন বলে তিনি শুনেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বর্তমানে শাহরিয়ার আলম প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। মন্ত্রীবিহীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
৪৯ সদস্যের মন্ত্রিসভায় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির তিনটি পদ রয়েছে। জাসদ ও ওয়ার্কার্স পার্টি প্রধানেরা মন্ত্রী হয়েছেন। জাতীয় পার্টি জেপি’র প্রধানও মন্ত্রীর দায়িত্ব পান। বাকি সবাই আওয়ামী লীগের।
৪৯ সদস্যের মন্ত্রিসভা
পুরনোদের নিয়ে শেখ হাসিনার নতুন লড়াই
মন্ত্রিসভায় যারা
