মধ্যপাড়ায় পাথর তুলছে জিটিসি
নতুন ব্যবস্থাপনায় দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে পাথর তোলা শুরু হয়েছে।
বেলারুশের ঠিকাদার প্রতিষ্ঠান ‘জামার্নিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম’ (জিটিসি) (Germania Trest Consortium) এই খনি থেকে পাথর উত্তোলন শুরু করছে। এর আগে পেট্রোবাংলা খনিটি পরিচালনা করে আসছিল।
পেট্রোবাংলার প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল ফজল নাজমুল আহসান হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ ফেব্রুয়ারি জিটিসিকে খনির পুরো দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।
সোমবার থেকে জিটিসি আনুষ্ঠানিকভাবে পাথর তোলা শুরু করে। প্রথম দিনে প্রায় ৭০০ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে।
এখন এক শিফটে পাথর উত্তোলন হলেও পরবর্তীতে শিফট বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
মধ্যপাড়া কঠিন শিলা খনির উন্নয়ন ও শিলা উত্তোলনের বিষয়ে প্রায় ১৪০০ কোটি টাকা ব্যয়ে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়।
সোমবার রাজধানীর সোনারগাঁ হোটেলে এ চুক্তিতে সই করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির সচিব শাহ মো. রেজানুল হক এবং বেলারুশ ও বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের বাংলাদেশ প্রতিনিধি কাজী সেরাজুল ইসলাম।
মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প থেকে ছয় বছরে ৯২ লাখ লাখ টন শিলা উৎপাদন খনির উন্নয়ন কাজের জন্য গত বছর আন্তের্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে অংশ নেয়া দুটি প্রতিষ্ঠানের মধ্য থেকে জার্মানিয়া ট্রেস্টকে বাছাই করা হয়।
কোম্পানিটি কাজের জন্য ১৩৯৮ কোটি টাকা দর দেয়।
মধ্যপাড়া থেকে শিলা উৎপাদনের জন্য ১৯৯৪ সালে পেট্রোবাংলা এবং উত্তর কোরীয় কোম্পানি নামনাম-এর মধ্যে চুক্তি হয়। চুক্তিটি বাস্তবায়নের শেষ পযায়ে খনিটি নামনামের কাছ থেকে নিজেদের তত্ত্বাবধানে নেয় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি।
নামনামের কাছ থেকে নেওয়ার পর সীমিত পরিসরে উৎপাদন কাযক্রম চালানো হচ্ছিল। এ বাস্তবতায় লক্ষ্যমাত্রা অনুযায়ী শিলা উৎপাদন এবং খনির রক্ষণাবেক্ষনসহ অনুসঙ্গিক কাজের জন্য খনি ব্যবস্থাপনা ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়।
