২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ছিনতাই: আরেক পুলিশ বরখাস্ত

কাশিমপুর কারাগার থেকে তিন জেএমবি সদস্যকে ময়মনসিংহের আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান থেকে তাদের ছিনতাইয়ের ঘটনায় আরেক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 06:54 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

ওই ঘটনায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে দেখেছেন।

গাজীপুরের পুলিশ সুপার মো. আব্দুল বাতেন জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর পুলিশ লাইনের হাবিলদার মেজর আইয়ুব আলীকে সোমবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই ঘটনায় এ নিয়ে গাজীপুরের তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ।

এর আগে একই অভিযোগে রোববার পুলিশ  লাইনের সুবেদার আব্দুল করিমকে সাময়িক বরখাস্ত এবং সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আর আই) সাইয়দুল করিমকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

রোববার সকালে ময়মনসিংয়ের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ওই প্রিজন ভ্যানে বোমা মেরে ও গুলি করে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেয়া হয়।

ওই হামলায় প্রিজন ভ্যানে থাকা এক পুলিশ কনস্টেবল নিহত ও আরো দুইজন আহত হন।

ঘটনার পর টাঙ্গাইলের সখীপুরে একটি কালো মাইক্রোবাসে অস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার হন জাকারিয়া নামের এক ব্যক্তি। ওই গাড়িতে করে জঙ্গিদের পালিয়ে যেতে সহায়তা করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

ওইদিনই মির্জাপুরে গ্রেপ্তার হন রাকিবুল হাসান। শেষরাতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি।

রোববারের ঘটনার পর ময়মনসিংহ ও আশেপাশের এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সীমান্তে ‘রেড অ্যালার্ট’ জারি করা হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত আর কেউ ধরা পড়েনি।

এদিকে আসামি ছিনতাইয়ের ঘটনায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনাস্থল পরিদর্শন করে।

অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের এই কমিটির সদস্যরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে সেদিনের ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন।

পরে ত্রিশাল থানায় রাখা ক্ষতিগ্রস্ত প্রিজন ভ্যানটিও ঘুরে দেখেন তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্ত দলের প্রধান নাজিম উদ্দিন বলেন, “আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। তবে তদন্ত মাত্র শুরু হয়েছে। এখনই অগ্রগতির বিষয়ে বলা যাচ্ছে না।”

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি সাইফুল আলম, ডিআইজি প্রিজন টিপু সুলতান, মংমনসিংহের পুলিশ সুপার মঈনুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।