এশিয়া কাপের ‘আলোকসজ্জার’ সমালোচনায় ফখরুল
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের দিনে আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠান শোকাবহ ওই ঘটনার প্রতি অশ্রদ্ধা।
মির্জা ফখরুল বলেন, “আজ শোকের দিন। আজকের এ দিনে এশিয়া কাপের উদ্বোধনী আড়ম্বর অনুষ্ঠান ও আলোক সজ্জা করা হয়েছে। আমরা মনে করি, এ ধরনের অনুষ্ঠান করে শোকাবহ ঘটনার প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে।”
বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া ২৫ ফেব্রুয়ারি এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান যাতে জাঁকজমকপূর্ণ না হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচ দিয়ে এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পুলিশের অনুমতি না পাওয়ায় পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে আলোচনা সভা করতে পারেনি তার দল।
বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা হওয়ার কথা ছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমরা গত ১৭ ফেব্রুয়ারি যথারীতি এই স্মরণ সভার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবহিত করেছিলাম। তারা (পুলিশ) প্রতিদিনই বলে আসছে, এই অনুমতি দিচ্ছি- দেবো।
“আজ সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, স্মরণ সভার জন্য পুলিশের অনুমতি পাওয়া যায়নি।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক সভা-সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, আজো রাজধানী থেকে তারা তা প্রত্যাহার করা হয়নি।
অবিলম্বে ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে বিএনপির সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সেনা কর্মকর্তা অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, ফেরদৌস, সাইয়িদ ও অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
