মুরাদ হত্যার ৬ আসামি পুলিশ হেফাজতে
চট্টগ্রামে যুবলীগ নেতা হুমায়ন কবির মুরাদ হত্যা মামলার ছয় আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
চট্টগ্রামের মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম মঙ্গলবার এ আদেশ দেন।
এই ছয়জন হলেন- খোকন চন্দ্র তাঁতি, আলী হোসেন, জিয়া উদ্দিন সোহাগ, সাইফুল ইসলাম, মো. সুমন ও মো. মাসুম। তারা সবাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আসামিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ছয় আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে আদালত শুনানি করে দুই দিনের হেফাজত মঞ্জুর করে।”
গত বছরের ২৮ অক্টোবর রাতে চট্টগ্রামের খুলশীর আমবাগান ঝাউতলা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় যুবলীগ নেতা হুমায়ন কবির মুরাদকে।
পরদিন নিহতের স্ত্রী বাদি হয়ে খোকন তাঁতিসহ ১১ জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেন।
গত ২৭ জানুয়ারি ছয় আসামি উচ্চ আদালত থেকে জামিন নেন। ওই জামিনের মেয়াদ শেষে আসামিরা গত ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অন্য পাঁচ আসামি পলাতক আছেন।
