মোরগ লড়াই-বউচিতে শুরু সুলতান মেলা
বিশ্বখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান স্মরণে তার নিজের জেলা নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে নির্মিত সুলতান মঞ্চ প্রাঙ্গণে মঙ্গলবার বেলা ১২টার দিকে মোরগ লড়াই ও বউচি খেলার মধ্য দিয়ে এ মেলা শুরু হয়। আগামী ৪ মার্চ পর্যন্ত মেলা চলবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানিয়েছেন।
প্রয়াত শিল্পীর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়েছে।
আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ অগাস্ট এস এম সুলতানের জন্মদিন। কিন্তু ওই সময় আবহাওয়া অনুকূলে না থাকায় গত কয়েক বছর ধরে জানুয়ারি/ফেব্রুয়ারি মাসে মেলার আয়োজন করা হয়।
নড়াইলের জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গাফফার খান বলেন, মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে এ বছরের সুলতান পদক দেয়া হবে।
সপ্তাহব্যাপী মেলায় প্রতিদিন সুলতান মঞ্চে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি লাঠিখেলা, ষাড়ের লড়াই, ঘোড়া গাড়ির দৌড়, ডাংগুলি, এক্কা দোক্কা, হাডুডু, দড়িলাফ, ভলিবল, কুস্তি ও মহিলাদের কাবাডির মতন ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন রয়েছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে এসে মেলায় পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।
সিরাজগঞ্জ থেকে আসা মোতালেব হোসেন বলেন, “গতবছরও এই মেলায় এসেছিলাম। আশা করছি এ বছরও কেনাবেচা ভাল হবে।”
নড়াইলবাসী প্রতিবছর এই মেলার অপেক্ষায় থাকেন জানিয়ে স্থানীয় মো. সালমান বলেন, “সুলতান মেলা আজ আমাদের প্রাণের মেলায় পরিণত হয়েছে।”
১৯২৪ সালের ১০ অগাস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে মো. মেছের আলি ও মাজু বিবির ঘরে
জন্মগ্রহণ করেন এস এম সুলতান।
চিত্রকর্মের জন্য ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয় এই শিল্পীকে।
১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যু হয় তার।
