২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরের টয়লেটে ৪০টি সোনার বার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 02:06 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বিমানবন্দর আর্মড ‍পুলিশ ব্যাটালিয়ানের জ্যেষ্ঠ সহকারী সুপার মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ৫ নম্বর ফটকের একটি টয়লেটের ফ্ল্যাশের ভেতরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।

উদ্ধার করা সোনার ওজন প্রায় চার কেজি ৬শ’ গ্রাম; দাম আনুমানিক দুই কোটি ১০ লাখ টাকা বলে জানান তিনি।

আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।

ছয় দিন আগে গত ১৯ ফেব্রুয়ারি এ বিমানবন্দরে এক পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকার ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

পরদিন দুটি পৃথক চালানে আসা আরো ২১ কেজি স্বর্ণের বার আটক হয় শাহজালালে।

এর মধ্যে একটি ঘটনায় ১০ কেজি স্বর্ণসহ আটক হন সাইফুল ইসলাম নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মী। আর এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটের বোর্ডিং ব্রিজে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৫ কোটি টাকার ১০০টি সোনার বার।

গত বছরের মাঝামাঝি সময় থেকে ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায়ই বিভিন্ন উপায়ে আনা ‘সোনার চালান’ আটক করছেন শুল্ক গোয়েন্দারা।