২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর আপিল: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে আসামিপক্ষের বক্তব্য শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

আ হ জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 01:28 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চে বক্তব্য শেষ করেন সাঈদীর আইনজীবী এসএম শাহজাহান।

এরপর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বক্তব্য উপস্থাপন শুরু করেন। দুপুরে আদালত মুলতবি করা হয়। বুধবার ফের তিনি বক্তব্য উপস্থাপন করবেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়।

প্রসিকিউশনের আনা ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার দুটি অভিযোগে সাঈদীকে ট্রাইব্যুনাল ওই মৃত্যুদণ্ড দেয়।

আরো ছয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হলেও অন্য অভিযোগে ফাঁসির আদেশ যাওয়ায় সেগুলোতে কোনো দণ্ড দেয়নি আদালত।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

এই রায়ের বিরুদ্ধে গত ২৮ মার্চ আপিল করেন সাঈদী। অন্যদিকে প্রমাণিত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে এই জামায়াত নেতার শাস্তি চেয়ে আপিল করে প্রসিকিউশন।

গত ২৪ সেপ্টেম্বর এই মামলার আপিল শুনানি শুরু হয়। প্রথমে আসামিপক্ষ রায়, সাক্ষ্য ও জেরা উপস্থাপনের পর গত ২৯ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

এছাড়া ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও আপিলে ‘পূর্ণ ন্যায়বিচার’ চাওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর এ মামলার আপিল শুনানি শুরু হয়।

আপিলে আসামিপক্ষ রায় পড়া শেষ করার পাশাপাশি প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য ও জেরা উপস্থাপন করছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ আসে। পলাতক থাকায় তিনি এর বিরুদ্ধে আপিল করতে পারেননি।

৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট গত ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে কাদের মোল্লাকেও মৃত্যুদণ্ড দেয়। ১২ ডিসেম্বর ওই দণ্ড কার‌্যকর হয়।

তৃতীয় রায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর আরো ৬টি রায় হয়েছে।