২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছাত্রদলের হরতাল প্রত্যাহার করল বিএনপি

এসএসসি পরীক্ষার কারণে কুমিল্লায় দুই সহযোগী সংগঠনের ডাকা হরতাল প্রত্যাহার করে নিয়েছে জেলা বিএনপি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 09:44 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

একটি হত্যা মামলায় নেতাকর্মীদের কারাগারে পাঠানোর পরপরই মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদল।

তবে সোমবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, “মঙ্গলবার এসএসসি পরীক্ষা থাকায় হরতাল প্রত্যাহার করা হয়েছে।”

স্থানীয় ছাত্রদল কর্মী দেলোয়ার হোসেন হত্যা মামলায় ১১ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে দিয়ে সোমবার তাদের কারাগারে পাঠাতে বলেন কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিক আহমেদ।

ওই ১১ জনের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সারও রয়েছেন।

গত ২৬ নভেম্বর নগরীর মনোহরপুর এলাকায় ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দেলোয়ার হোসেন (২৫) নামের এক ছাত্রদলকর্মী নিহত হন। পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই হারুনুর রশিদ বাদি হয়ে এই হত্যা মামলা দায়ের করেন।