সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন, হুড়োহুড়িতে আহত ৭
গাইবান্ধার পলাশবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত সাত যাত্রী আহত হয়েছেন।
সোমবার রাত ৯টায় পলাশবাড়ির ব্র্যাক মোড় এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পর্যন্ত সাতজন যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে।”
বাসের যাত্রীদের বরাত দিয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কোব্বাত আলী জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রংপুরের গংগাচড়া থেকে কুমিল্লা যাচ্ছিল। ব্র্যাক মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে তাতে আগুন ধরে যায়।
বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত সাড়ে ১০টায় তা নিয়ন্ত্রণে আনেন বলে কোব্বাত আলী জানান।
আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
