জামালপুরে এক জেএমবি সদস্যের বাবা ও বোন আটক
ময়মনসিংহের ত্রিশালে তিন জেএমবি সদস্য ছিনতাই ঘটনার পর আনোয়ার হোসেন ওরফে সৈকত ওরফে ফারুক নামের এক জেএমবি সদস্যের বাবা ও বোনকে আটক করেছে পুলিশ।
সোমবার জেলা শহরের নয়াপাড়া এলাকার বাসা থেকে পুলিশ ফারুকের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক হামিদুর রহমান জামালী (৭০) ও বোন হামিদা বানু মনিরাকে (৩৩) থানায় নিয়ে যায়।
জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, জেএমবির পলাতক সদস্য ফারুক সম্পর্কে জানতে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাদের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্য কাজাইকাটা গ্রামে।
ওসি মুজিবুর রহমান আরো জানান, ফারুকের বাবা জানিয়েছেন- ফারুকের নামে মামলা থাকায় দীর্ঘদিন থেকে তিনি বাড়ির বাইরে আছেন।
রোববার সকালে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), ঢাকা কেন্দ্রীয় কারাগার- ২ থেকে বোমা মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদকে (৩৫) প্রিজন ভ্যানে করে ময়মনসিংহ আদালতে পাঠানো হচ্ছিল।
সকাল ১০টার দিকে পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় এক পুলিশকে হত্যা করে ওই তিন আসামিকে ছিনিয়ে নেয়া হয়।
রোববার দুপুরেই টাঙ্গাইলে স্থানীয় জনতার সহায়তায় রাকিবুলকে আটক করে পুলিশ। গভীর রাতে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।
