২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ জাদুঘরে যাচ্ছে ট্রাইব্যুনালের রায়ের কপি

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত রায়গুলোর অনুলিপি যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 07:46 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

আগামী বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিনিধিদের হাতে এ পর‌্যন্ত ট্রাইব্যুনাল থেকে ঘোষিত সব রায়ের অনুলিপি পুস্তকাকারে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী।

তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হককে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টায় ট্রাইব্যুনালেই রায়ের কপিগুলো মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর করা হবে লাল মলাটে বাঁধাই করা রায়ের অনুলিপিগুলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগেই মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে রায়ের অনুলিপিগুলো হস্তান্তর করা হচ্ছে বলে জানান উপ-নিবন্ধক।

এগুলোর মধ্যে রয়েছে ট্রাইব্যুনাল-১ থেকে ঘোষিত তিনটি রায়। এগুলো হলো জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়।

ট্রাইব্যুনাল-২ থেকে ঘোষিত ছয়টি রায়ের অনুলিপিও দেয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে সাবেক জামায়াতে ইসলামী নেতা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সাবেক বিএনপি নেতা আব্দুল আলীম ও বুদ্ধিজীবী হত্যায় জড়িত চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের রায়।

এদের মধ্যে গোলাম আযমকে সর্বমোট ৯০ বছরের কারাদণ্ড ও আব্দুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এছাড়া বাকিদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ইতোমধ্যে ‍আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার‌্যকর করা হয়েছে।