জাহাঙ্গীরনগরে পড়তে চান লিমন
র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর লিমন হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ভর্তি পরীক্ষায় অংশ নেন লিমন।
সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক একেএম শাহনাওয়াজসহ কয়েকজন শিক্ষক এবং জাহাঙ্গীরনগর স্বেচ্ছাসেবক পরিষদ নামের একটি সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
লিমন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীরনগরে এসে আনন্দ অনুভব করছি।”
ভালো ফলের আশা প্রকাশ করে আইন বিষয়ে পড়ার আগ্রহের কথা জানান তিনি।
সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ের শিক্ষার্থী লিমন আগামী ২৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগরে আইন ও বিচার বিভাগে পরীক্ষায়ও অংশ নেবেন।
ভবিষ্যতে আইন বিশেষজ্ঞ হতে চান বলেও জানিয়েছেন এই তরুণ।
অধ্যাপক শাহনাওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমন কোটা সুবিধা পাবেন।
“তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। পাস নম্বর পেয়ে আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে।”
