২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বোমা ফাটিয়ে টাকা ছিনতাই

বরিশাল নগরীতে গুলি করে ও বোমা ফাটিয়ে বিকাশের এক এজেন্টের বিপুল পরিমাণ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 05:56 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ঘটনার পরপরই নগরীর বৈদ্যপাড়া এলাকা থেকে প্রাইভেটকারসক একজনকে আটক করেছে পুলিশ।

টাকার অঙ্ক সম্পর্কে ভিন্ন ভিন্ন সূত্র ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে।

বিকাশ এজেন্টের কর্মীদের দাবি, ৩৭ লাখ ১০ হাজার টাকা ছিনতাই হয়েছে। কিন্তু এজেন্টের স্থানীয় প্রতিনিধির দাবি, ছিনতাই হয়েছে ৫৯ লাখ ১০ হাজার টাকা। এছাড়া পুলিশ জানায়, ৬১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী বিকাশ এজেন্ট অফিসের স্টাফ মো. রফিক ও নিরাপত্তাকর্মী মো. আলাউদ্দিন জানান, দুপুরে নগরীর সদর রোডে অবস্থিত আইএফআইসি ব্যাংক থেকে ৩৭ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে রিকশায় অফিসের সামনে আসেন সুপারভাইজার ইব্রাহিম ও মনির।

তারা রিকশা থেকে নামতেই মুখোশধারী ৭/৮ জন মোটরসাইকেল ও প্রাইভেটকার আরোহী অতর্কিত গুলিবর্ষণ করে এবং বোমা ফাটিয়ে টাকা ছিনিয়ে নেয়।

এতে আহত হন অফিসের সুপারভাইজার মো. ইব্রাহিম (২৬), মনির হোসেন (২৮), একটি মোবাইল ফোন এজেন্সির কর্মকর্তা রিয়াজ হোসেন ও পথচারী  চানবরু (৫৫)।

আহতদের মধ্যে তিন জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকাশ এজেন্টের স্থানীয় প্রতিনিধি মনির হোসেন লিটন জানান, ছিনতাই হওয়া টাকার পরিমাণ ৫৯ লাখ ১০ হাজার। তৃণমূল এজেন্টদের টাকা দেয়ার জন্য টাকাগুলো ব্যাংক থেকে তোলা হয়েছিল।

আইএফআইসি ব্যাংকের কর্মী জয় জানিয়েছেন, তাদের ব্যাংক থেকে বিকাশ এজেন্ট ৩২ লাখ টাকা উত্তোলন করেছেন।

বরিশার কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ৬১ লাখ টাকা ছিনতাইয়ের একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো -খ- ১১-৫৯৫৫) একজনকে আটক করেছে পুলিশ। প্রাইভেটকার থেকে ২২টি বোমাও উদ্ধার হয়।

আটক শহিদুল ইসলাম (২৮) ছিনতাইকারী দলের সদস্য এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খলিলপুর গ্রামের আপসার আলী সরদারের ছেলে।