গোপালগঞ্জে নির্বাচনে সরকারি চাকুরেদের ব্যবহারের অভিযোগ
গোপালগঞ্জে উপজেলা নির্বাচনের কাজে সরকারি চাকুরেদের ব্যবহারের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে শেখ মাসুদুর গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলা নির্বাচনে তাসবীরুল হুদা বাবুর বড়ভাই ডা. কদরুল হুদা ডালটন সরকারি অ্যাসেনশিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক।
‘তিনি ড্রাগসের ৫/৬ শ’ কর্মকর্তা-কর্মচারিকে ছুটি দিয়ে নির্বাচনে তার ভাইয়ের পক্ষে প্রচারের কাজে ব্যবহার করছেন।’
এছাড়াও ভোটারদেরকে অ্যাসেনশিয়াল ড্রাগস-এ চাকরি দেয়ার লোভ দেখানোও হচ্ছে বলেও অভিযোগ করেন শেখ মাসুদুর।
সংবাদ সম্মেলন শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ওই প্রার্থী।
সংবাদ সম্মেলনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটনসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
